শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. রফিক হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৩ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক সোয়া তিনটার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে মো. রফিক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টা ২০ মিনিটের দিকে ৬–৭ জনের একটি ডাকাত দল বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ভেতরের দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতেরা আলমারি তছনছ করে ড্রয়ারে থাকা নগদ প্রায় ১৩ লাখ টাকা এবং ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

গৃহকর্তা রফিক হোসেন জানান, ডাকাতদের প্রত্যেকের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। লুটপাট শেষে চলে যাওয়ার সময় তারা পরিবারের সদস্যদের চিৎকার না করতে এবং পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতেরা বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন