বৃহস্পতিবার । ২৩শে এপ্রিল, ২০২৬ । ১০ই বৈশাখ, ১৪৩৩
সরকারি দলের ৫, বিরোধী দলের ৫ জন

জ্বালানি সংকট নিরসনে ১০ সদস্যের কমিটি গঠন

গেজেট প্রতিবেদন

জ্বালানি সংকট নিরসনে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সরকারি দলের ৫ জন এবং বিরোধী দলের ৫ জন সংসদ সদস্যদের নিয়ে এই কমিটি গঠনের প্রস্তাব করেন। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিরোধীদল। শিগগিরই তারা ৫ জন সদস্যের তালিকা দেবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এই কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে। বুধবার জ্বালানি সংকট নিয়ে আলোচনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন এবং সরকারি দলের ৫ জন সদস্যের নাম জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমরা সকলেই আলোচনা করে একমত হয়েছিলাম বা একটি বিষয়ে আমরা সকলেই উপনীত হয়েছিলাম। এটি একটি বৈশ্বিক প্রবলেম, সারা বিশ্বেই এই সমস্যায় উত্তাপ ছড়িয়ে পড়েছে। মাননীয় বিরোধী দলীয় নেতা উনার বক্তব্যে বাংলাদেশের এটি যে কনসার্ন, সেটি এক্সপ্রেস করেছিলেন। প্রস্তাব দিয়েছিলেন উনাদের কাছে কিছু পরামর্শ আছে। সরকারি দল এবং বিরোধী দল আমরা একসঙ্গে সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি।

তিনি বলেন, আমি আমার বক্তব্যে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যেকোনো আলোচনা করতে প্রস্তুত রয়েছেন। তারই প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, আমরা আমাদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব, উনারাও যদি ৫ জনের নাম দেন, তাহলে এই ১০ জন বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারেন। কোন পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো। সরকার সেটার মধ্যে কোন বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।

তারেক রহমান বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এই ৫ জনের নাম উপস্থাপন করছি। আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব, উনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন, তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। বিষয়টাকে ইতিবাচকভাবে নেয়ার জন্য। আমরা আশা করি- এই সংসদ জাতীয় সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা শিগগিরই ইনশাআল্লাহ নামগুলো পেশ করব।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের স্বার্থে সরকার ও বিরোধী দল এক থাকলে যে কোনো সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন