মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নোয়াখালীতে নির্যাতিত কিশোরীর পরিবারের ওপর হামলায় নিন্দা

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর সুবর্ণচরে এক কিশোরী ধর্ষণচেষ্টার মামলার পর তার পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। অভিযুক্ত এক মাদরাসা সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে মামলা দায়েরের পর এই হামলার ঘটনা ঘটে।

এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, সুরক্ষা পাওয়ার পরিবর্তে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারকে উল্টো সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মুখে পড়তে হয়েছে। একটি সংঘবদ্ধ গোষ্ঠীর বাড়িতে হামলা চালানো এবং মামলা তুলে নিতে চাপ দেওয়ার ঘটনা পেশি শক্তির প্রদর্শন ও বিচার নিশ্চিত করতে ব্যর্থতার স্পষ্ট উদাহরণ। এ ধরনের ঘটনা যৌন সহিংসতার শিকার পরিবারের সদস্যদের মামলা করতে ও ন্যায়বিচার চাইতে নিরুৎসাহিত করে।

শাহীন আনাম বলেন, এই ঘটনা প্রমাণ করে যে, ন্যায়বিচার চাইতে গেলে অনেক সময় ভুক্তভোগী ও তাদের পরিবারকেই শাস্তি পেতে হয়। রাষ্ট্রকে অবশ্যই ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। ন্যায়বিচার অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে, কোনো অনানুষ্ঠানিক সমঝোতা বা সামাজিক চাপের মাধ্যমে নয়।

এমজেএফ আরও উদ্বেগ প্রকাশ করে যে, যথাযথ তদন্তের পরিবর্তে আইনি পদক্ষেপে বিলম্ব এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রবণতা বিচারব্যবস্থাকে দুর্বল করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে মাদ্রাসায় ভুক্তভোগীদের আরও ঝুঁকির মুখে ফেলে।

এই পরিপ্রেক্ষিতে কয়েকটি দাবি জানিয়েছে এমজেএফ

১. ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

২. অভিযুক্ত ও হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা।

৩. দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা।

৪. অনানুষ্ঠানিকভাবে মামলা মীমাংসা বা বাধাগ্রস্ত করার চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

৫. সব শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি ও জবাবদিহিতা জোরদার করা।

শিশুদের সুরক্ষা নিশ্চিত করা জাতীয় অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত। এমজেএফ ভুক্তভোগী ও তার পরিবারের পাশে রয়েছে এবং সব শিশুর জন্য নিরাপদ ও ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন