রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

দুই দশক পর সোমবার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সরকার প্রধান হওয়ার পর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরকালে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন তিনি। এছাড়া আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিবেন তিনি।

এর আগে, ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন তারেক রহমান। সেই পৈতৃক ভিটায় ২০ বছর পর ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে।

তার এই আগমনকে ঘিরে উত্তরবঙ্গের এই জনপদে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়া বাড়ি’ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন সরকারী কর্মকর্তারা।

বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই দেড়শ বছর বয়সী বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন। একদিনের সফরের শেষ দিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

এছাড়া বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বগুড়া ও আশপাশের এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন