বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর বিশেষ অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ প্রচারিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য ও উপাচার্যের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে আনীত অভিযোগের দ্রুত তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে বিচারের দাবি জানিয়ে বিক্ষোভের ডাক দেন বামপন্থী ৭ শিক্ষার্থী। পরে তারা মাঝরাতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিলেও পরবর্তীতে তারা সংক্ষিপ্ত মানববন্ধন করে কর্মসূচি শেষ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠন ছাত্রগণমঞ্চের নেতা নিঘাদ রোদ্র বলেন, চ্যানেল ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনে শিক্ষক নিয়োগে দুর্নীতিসহ বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। একাধিকবার দুর্নীতির তথ্য সামনে এলেও তা নিয়ে পক্ষ-বিপক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে।
তিনি আরও বলেন, তার বিভাগের কার্যক্রম মাত্র ৫ জন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে এবং কোনো ল্যাব সহকারী নেই। শিক্ষকদের প্রতিদিন ৫-৬টি কোর্সের ক্লাস নিতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত চাপের। প্রায় সব বিভাগেই শিক্ষক সংকট রয়েছে, যার প্রভাব পড়ছে শিক্ষার মানে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজও স্থবির হয়ে আছে, যার দায় প্রশাসনের।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেন এবং কর্মসূচি শেষে সংক্ষিপ্ত মানববন্ধনের মাধ্যমে তাদের অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।

