মানিকগঞ্জে ভুট্টাখেত থেকে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পিটুনিতে দুই ভাই নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় ঘটনাটি ঘটে।
হতাহতরা হলেন—বনপারিল গ্রামের ইজিবাইকচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু মিয়া (২৮)। এ ঘটনায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজাখুঁজি চালানো হয়। কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার বাবা-ছেলেসহ তিনজনকে আটক করে মারধর করা হয়। এতে অটোচালক পান্নু মিয়া (৩৮) ও তার ভাই ফজলু (২৮) নিহত হন। গুরুতর অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

