শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

শিক্ষার মান উন্নয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট নেয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

গেজেট প্রতিবেদন

যেসব ভিসিরা শিক্ষার মান উন্নয়নে করে বিশ্ববিদ্যালয়ের রেটিংস বাড়াতে পারবে তারা থাকবে- এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ভিসিরা কিভাবে শিক্ষার উন্নয়ন করে এগুলোর খতিয়ান আমি তৈরি করছি। প্রতিটি বিশ্ববিদ্যালয় কিভাবে কাজ করছে সেসবের রিপোর্ট নেয়া হচ্ছে। আমি সবকিছুই দেখছি, ইউজিসির রিপোর্টও আমি নেব আমার রিপোর্টও নেব। স্কুল-কলেজ-মাদরাসায় সিসি ক্যামেরা দিতে বলেছি কারণ শিক্ষকরা ক্লাসে থাকে না।

তিনি আরও বলেন, ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো ভালো করার সুযোগ রয়েছে। যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই। আমাকে কুরআন শরিফ অবমাননার কথা বলা হয়েছে। আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা একটি বিষয় না পড়ার কারণে সঠিকভাবে কুরআন শরিফ পড়তে পারেন না। আমরা ৯ হাজার ইসলামী শিক্ষক নিয়োগ দিতে পারছি না ওই বিষয় না পড়ার জন্য। এটা কওমীকে দেয়া যাচ্ছে না নীতিমালার কারণে। কিন্তু সেটাকে অপব্যাখ্যা দেয়া হলো কুরআন শরিফকে অবমাননা করা হয়েছে। এই যে কিছু বট বাহিনী আছে। আমার সঙ্গে এসব করে কোন লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে। সরকার বাজেটের কথা বলেছে, আমি বাজেট নিতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের খাতে একটি টাকা চাওয়া হয়নি। উন্নত শিক্ষা ব্যবস্থা থেকে আমরা অত্যন্ত দুর্বল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শফিকুল ইসলাম শিকদার, ট্রোজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন