বৈশাখের শুরুতেই দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৯ ডিগ্রিতে। সেই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে এরমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতের মধ্যেই দেশের ১৪ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ ও ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে খুলনা, যশোর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও এই সময়ের মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে দেশের সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি এই সময়ে নেত্রকোণায় ২৩ মিলিমিটার ছাড়াও কক্সবাজারের কুতুবদিয়ায় ৭, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

