বুধবার । ১৫ই এপ্রিল, ২০২৬ । ২রা বৈশাখ, ১৪৩৩

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

সারাদেশে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ পূরণে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। মোট পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের করা লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সব মন্ত্রণালয়/বিভাগ আগামী ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে শূন্য পদ পূরণে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কেবল জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে বড় ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা চালু করা হবে। এর ফলে শিক্ষার্থীরা সহজেই অনলাইন শিক্ষা উপকরণের নাগাল পাবে। এছাড়া দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা আয়তনের উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনাও নিয়েছে সরকার। শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণে একটি কেন্দ্রীয় কমিটি বর্তমানে কাজ করছে বলে জানান সরকার প্রধান।

তিনি জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এখন থেকে ভিসা পাওয়ার আগেই যোগ্যতার প্রমাণপত্রের (সিওই) ভিত্তিতে এই ঋণ পাওয়া সহজ হবে বলে জানান প্রধানমন্ত্রী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন