বৃহস্পতিবার । ১৬ই এপ্রিল, ২০২৬ । ৩রা বৈশাখ, ১৪৩৩

নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার

গেজেট প্রতিবেদন

ভারতের টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। বুধবার (১৫ এপ্রিল) সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালে সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের পর স্পিকার এ মন্তব্য করেন।

এর আগে আব্দুল মালিকের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন।

স্পিকার বলেন, পানিসম্পদ মন্ত্রী হিসেবে আমার কিঞ্চিৎ অভিজ্ঞতা আছে। এই যে টিপাইমুখ বাধ এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।

এদিন পরিবেশ মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে সিলেটের বন্যা ও খরার দুর্ভোগের কথা তুলে ধরেন আব্দুল মালিক। তিনি বলেন, কালবৈশাখী ও বর্ষা মৌসুমে পাহাড়ি পানি ও বরাক নদীর উজানের প্রবাহে সিলেটের রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যায়। আবার খরার মৌসুমে পানির অভাবে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

সিলেটবাসীর পক্ষ থেকে তিনি জানতে চান, টিপাইমুখ বাঁধের বিষয়ে সরকারের কী পরিকল্পনা আছে এবং পাহাড়ি পানির চাপ ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

জবাবে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, টিপাই মুখ যে ব্যাপারটা মাননীয় সংসদ সদস্য বলছেন সেটা আমি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলব যাতে করে ভবিষ্যতে এই সমস্যাটা সমাধান করা যায়।

তিনি আরও বলেন, ‘ওই বাধ ভাঙ্গনের ফলে যেভাবে উনি বলছেন যে একবার পানিতে তলিয়ে যায় আরেকবার পানি পাওয়া যায় না … আমরা নেব যাতে করে ভবিষ্যতে এই সমস্যাটা কমে যায়।’

মন্ত্রীর উত্তরের পরই স্পিকার নিজের অভিজ্ঞতার কথা টেনে টিপাইমুখ ইস্যুতে ওই মন্তব্য করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন