রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

১৮ এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গেজেট প্রতিবেদন

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল শুরু হবে। ওইদিন রাতে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

হজ ফ্লাইট কবে উদ্বোধন হবে- জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন। সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কীভাবে হাজিদের খেদমত করতে হবে, কীভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হাজিদের ওপর কোনো অন্যায়, অপরাধ, অবিচার সহ্য করা হবে না।

প্রধানমন্ত্রী হজযাত্রীদের ব্যাপারে অত্যন্ত সচেতন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, উনি দু-একদিনের মধ্যে হজ ক্যাম্পে যাবেন, যে ক্যাম্পে হাজিরা এসে উঠবেন। উনি নিজে থেকেই সেখানে যাওয়ার কথা বলেছেন।

জ্বালানি তেলের দামের কারণে হজ ফ্লাইটে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সরকার আগাম কী পদক্ষেপ নিচ্ছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, হাজিরা আল্লাহর মেহমান। ইনশাআল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করবেন। কোনো জটিলতা হবে না।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

টিকিটের মূল্য হ্রাস: বিগত সরকারের তুলনায় এবারের হজে প্রতি টিকিটে ১২ হাজার টাকা কমানো হয়েছে।

বিপুল সংখ্যক যাত্রী পরিবহন: কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই এবার ৭৮ হাজারের বেশি হাজিকে নিরাপদে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন