দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৮ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ১০ শিশুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ছিল ৪ জন ও ৬ জনের হামের উপসর্গ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৮ শিশু।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। একই সময়ে নতুন করে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে মোট হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।

