রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে শিল্পীদের মধ্যে তোড়জোড়

গেজেট প্রতিবেদন

বিএনপি সরকারের শুরুর দুই মাসের মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এদিকে নির্বাচন ঘিরে বিএনপি মতাদর্শের শিল্পীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। তারকাদের কেউ কেউ গত দুই দিনে সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে কাঙ্ক্ষিত আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেউ কেই আবার আজ জমাও দিয়েছেন। বিনোদন অঙ্গন থেকে বিএনপি মতাদর্শের যেসব তারকা আজ শনিবার দুপুর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাঁদের মধ্যে সংগীতশিল্পীর সংখ্যাই সবচেয়ে বেশি। আছেন একজন নৃত্যশিল্পীও।

এর মধ্যে ঘোষিত হয়েছে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের দিনক্ষণ। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে—জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের জোর তৎপরতা চলছে। বিনোদন অঙ্গনের তারকারাসহ মনোনয়ন পেতে ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলীয়ভাবে কারও কাছে আবেদন চাওয়া হয়নি। তবু মনোনয়নপ্রত্যাশীরা আবেদনপত্র জমা দিয়েছেন। কাল রোববার পর্যন্ত ফরম বিক্রি চলবে।

দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে থাকা নারী নেত্রী এবং মহিলা দলের নেত্রীদের পাশাপাশি সাবেক ছাত্রদল-সংযুক্ত তরুণ নেত্রীরাও মনোনয়ন দৌড়ে রয়েছেন। অনেকে অতীতের আন্দোলনে ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে প্রোফাইল (জীবনবৃত্তান্ত) তৈরি করে নীতিনির্ধারণী নেতাদের কাছে পাঠাচ্ছেন। আবার কেউ কেউ জ্যেষ্ঠ নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ করে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন।

জানা গেছে, সংগীতশিল্পী বেবী নাজনীন (নীলফামারী–৪) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর বাইরে কনকচাঁপা (সিরাজগঞ্জ–১), দিলরুবা খান (জয়পুরহাট–২), রিজিয়া পারভীন (কিশোরগঞ্জ), দিঠি আনোয়ার (সিলেট ও কুমিল্লা) ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী (ময়মনসিংহ–১১) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে কেউই নিশ্চিত নন, তাঁরা শেষ পর্যন্ত টিকবেন কি না। সংরক্ষিত নারী আসনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী।

জানা গেছে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। জানা গেছে, সংরক্ষিত নারী আসনে যাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন, তাঁদের দুই হাজার টাকা ফরম বাবদ দিতে হচ্ছে। আর জমার সময় ৫০ হাজার টাকা জামানত থাকছে।

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে তারকাদের এই অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তবে শেষ পর্যন্ত কারা দলীয় মনোনয়ন পাবেন, তা নির্ভর করছে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। ত্যাগ, অভিজ্ঞতা ও জনপ্রিয়তার সমন্বয়েই নির্ধারিত হবে চূড়ান্ত তালিকা। নির্বাচনের আগে এই প্রতিযোগিতা আরও জমে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন