শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে জমি-জমা বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি-জমা বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুত্বর আহত ফলসি গ্রামের ইসমাইল ফকিরের ছেলে মাসুদ ফকির (৬০), তাঁর ছেলে আমিন ফকির (৩০), মাসুদ ফকিরের স্ত্রী নজু বেগম (৫০) ও রহমান ফকিরের স্ত্রী কামিনী বেগমকে (৩৫) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই রহমান ফকিরের পক্ষের লোক। ওসমান ফকিরের পক্ষের আহত অন্তত ৩ জন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম জানান, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার সকালে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত ৭ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিচিত্র কুমার বিশ্বাস বলেছেন, এই হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে মাসুদ ফকিরের অবস্থা আশংকাজনক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন