বুধবার । ৮ই এপ্রিল, ২০২৬ । ২৫শে চৈত্র, ১৪৩২

সংরক্ষিত নারী আসনে তফশিল ঘোষণা

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে তফশিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

ইসি সচিব জানান, এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্ম সচিব মঈন উদ্দিন খান এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন উপসচিব মনির হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন ১টি আসন।

এর আগে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে জোটগত অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত জানতে চিঠি দেয় ইসি। এতে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়।

অন্যদিকে, সংসদে নির্বাচিত সাতজন স্বতন্ত্র সদস্যের মধ্যে ছয়জন পৃথক একটি জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি।

আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়ে থাকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন