রাজধানীর কদমতলীর গ্যাসলাইটার কারখানার আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১১ মিনিটে তারা আগুন লাগার খবর পান। সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

