সোমবার । ৩০শে মার্চ, ২০২৬ । ১৬ই চৈত্র, ১৪৩২

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর জানাজা সম্পন্ন

গেজেট প্রতিবেদন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত শনিবার বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

পরিবারের সদস্যরা জানান, গেল ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে নেওয়া হয় অধ্যাপক দিলারা হাফিজকে। সেখানে তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন