বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

গেজেট প্রতিবেদন

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আসাদুজ্জামান বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী করা হয়।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এ ছাড়া দলের আইনি সহায়তা উপকমিটির টিম লিডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্যারিস্টার কাজল দীর্ঘদিন ধরে আইন পেশা ও আইনি সংস্কার নিয়ে কাজ করে আসছেন। উচ্চ আদালতে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন