শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে জমি বিরোধে হামলা, নারীসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের চার নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার মহুয়ার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- উপজেলার তারাশী গ্রামের বিষ্ণুপদ দাস (৪৫), তার স্ত্রী মুক্তা দাস (৩০), মেয়ে সুস্মিতা দাস (১৫), বোন লিজা দাস (২৫), পরিমল দাস (৬৫) ও রেনু রানী দাস (৬০)। তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতদের মধ্যে মুক্তা দাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে তারাশী গ্রামের বিষ্ণুপদ দাসের সঙ্গে একই গ্রামের দিদাদুল ইসলাম দিদার দাড়িয়া ও তার ভাতিজা সুমন দাড়িয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার রাতে দিদাদুল ও সুমনের নেতৃত্বে একদল লোক বিষ্ণুপদ দাসের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই হামলায় পরিমল দাস ও রেনু রানী দাস আহত হন।

ভুক্তভোগী বিষ্ণুপদ দাস অভিযোগ করে বলেন, আমি একটি জমি কেনার পর থেকেই দিদাদুল ও তার লোকজন সেটি দখল করার চেষ্টা করছে। বাধা দিলে তারা আমাদের ওপর প্রায়ই নির্যাতন চালায়। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, রাতের ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দিতে আজ বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছিলেন তিনি। পথে মহুয়ার মোড়ে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন পুনরায় তাদের ওপর হামলা চালায়। এতে তার স্ত্রী ও মেয়েসহ চারজন আহত হন।

অভিযোগের বিষয়ে জানতে দিদাদুল ইসলাম দিদার দাড়িয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও অন্য একজন ফোন রিসিভ করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি এখনো আমার জানা নেই। তবে এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন