পরকীয়ার জেরে রাজধানীর চকবাজার হরনাথ সেন রোডের একটি বাসা থেকে রিপা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে হরনাথ সেন রোডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রিপা গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার কমলাপুর গ্রামের সৈয়দ আলী মাতব্বরের মেয়ে। বর্তমানে চকবাজার হরনাথ সেন রোডে একটি বাসায় স্বামী আরিফ শেখের সঙ্গে ভাড়া থাকতেন।
আরিফ একটি গার্মেন্টসে চাকরি করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা রিপার স্বামী আরিফ শেখ বলেন, রিপার আরেকটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। এ বিষয় নিয়ে তার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। সকালেও এসব বিষয় নিয়ে ঝগড়া হয় রিপার সঙ্গে।
এ সময় রিপাকে চড়-থাপ্পড় মেরে কাজে চলে যায়।
তিনি বলেন, দুপুরে প্রতিবেশীরা ফোন দিয়ে জানায় রিপা ঘরে আত্মহত্যা করেছে। দ্রুত বাসায় এসে দরজা ভেঙে রিপাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস

