জাতীয় ভোটার দিবস ফের ১ মার্চে নেওয়ার উদ্যোগ ইসির

গেজেট প্রতিবেদন

জাতীয় ভোটার দিবস ২ মার্চের পরিবর্তে পুনরায় ১ মার্চে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে এই প্রস্তাব সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।রবিবার (১ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিবসটি পরিবর্তনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলে আনুষ্ঠানিকভাবে জানা যাবে ভোটার দিবস কবে পালিত হবে।

সচিব আখতার আহমেদ জানান, দিবসটি ১ মার্চে ফিরিয়ে আনার যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই পরবর্তী কার্যক্রম শুরু হবে।

ইসি কর্মকর্তারা জানান, ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ‘ফেমবোসা’র চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও দিবসটি উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবার ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছিল। তবে একই দিন ‘জাতীয় বিমা দিবস’ নির্ধারিত থাকায় ২০২০ সালে ভোটার দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে ২ মার্চ পুনর্নির্ধারণ করা হয়। এখন দীর্ঘ সময় পর আবারও আগের তারিখে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু করল ইসি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন