নারায়ণগঞ্জর ফতুল্লায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফতুল্লার পাগলা কামালপুর এলাকায় প্রবাসী বাবুল মিয়ার মাতৃভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী চার সদস্যের একটি দল বাড়ির সামনে এসে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়, অপরটি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পর দলের দুই সদস্য বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বাকি দুইজন বাইরে অবস্থান নেয়। শব্দে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ভুক্তভোগী বাবুল মিয়ার মেয়ে পার্বতী জানান, তার বাবা ও স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনতলা বাড়ির নিচের দুই তলায় ভাড়াটিয়া থাকেন এবং তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। বিকেল ৪টার দিকে মুখোশধারী দুই ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘরে ঢুকে তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তার হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেওয়া হয়। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেন তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
খুলনা গেজেট/এএজে

