সুনামগঞ্জের তাহিরপুরে মাছরাঙা নামে একটি পর্যটকবাহী হাউজবোট অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আনোয়ারপুর বাজার ব্রিজ সংলগ্ন যাদুকাটা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টাঙ্গুয়ার হাওর পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি রব্বানী বলেন, “সকালে মাছরাঙাসহ আরো একটি হাউজবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। বোটে সে সময় মিস্ত্রি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হঠাৎ মাছরাঙ্গার পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো হাউজবোটে ছড়িয়ে পড়ে। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই হাউজবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে গেছে।”
তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “মাছরাঙা নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।”
খুলনা গেজেট/এমএনএস

