মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

বিদেশি নাগরিককে গাড়িচাপা দেয়ার চেষ্টা, আটক ১

গেজেট প্রতিবেদন

পাবনার ঈশ্বরদীতে এক বেলারুশ নাগরিককে প্রাইভেটকার দিয়ে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গাড়িচালককে আটক ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী উপজেলার নতুনহাট গ্রীনসিটি সংলগ্ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বেলারুশ নাগরিকের নাম হারশাকৌ উলাজিস্লাউ (Harshakou Ulazislau) (৩০)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প-এ কর্মরত নিকিমথ কোম্পানির একজন প্রকৌশলী। আটক প্রাইভেটকার চালক সানজিদা হোসেন (২১) ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলার বাসিন্দা আরশাদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি প্রাইভেটকার বেলারুশ নাগরিককে লক্ষ্য করে দ্রুতগতিতে এগিয়ে আসে এবং চাপা দেয়ার চেষ্টা করে। তিনি সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি তার পায়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই চালক গাড়িসহ দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গ্রীন সিটির অভ্যন্তরে অবস্থিত একটি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় জড়িত প্রাইভেটকারটির চালক সানজিদকে আটক ও ঘটনায় ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন