সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

মোহাম্মদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ কোপাল দুর্বৃত্তরা

গেজেট প্রতিবেদন

রাজধানীর মোহাম্মদপুরে মো. ইব্রাহিম নামে এক যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে নূর মসজিদ এলাকার একটি চায়ের দোকানে ইব্রাহিম বসেছিলেন। রাত ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় আসা বোরকা ও মাস্ক পরা কয়েক দুর্বৃত্ত লোকজনের সামনেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে চলে যায়। রাতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয় ইব্রাহিমকে। তার বা হাতের কনুই ও মাথায় ক্ষত হয়েছে।

ইব্রাহিমের মামা রুবেল মিয়া জানান, তার ভাগনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তার বন্ধু ও স্বজনদের দাবি, ইব্রাহিম জুলাই আন্দোলনের মামলার স্বাক্ষী। এ কারণে বেশকিছুদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, ময়ুর ভিলা এলাকায় আওয়ামী লীগের একটি পরিত্যাক্ত অফিসের সামনের জায়গায় দোকান বসানো নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে হামলা হতে পারে।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন সমকালকে বলেন, দুর্বৃত্তরা বোরকা ও মাস্ক পরা থাকায় প্রত্যক্ষদর্শীরা তাদের চিনতে পারেনি। তাদের শনাক্তে তদন্ত চলছে। হামলার পেছনে বিভিন্ন কারণের পাশাপাশি আধিপত্য ও দখল নিয়ে কোনো বিরোধ আছে কিনা তা দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন