সোমবার । ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১০ই ফাল্গুন, ১৪৩২

মার্চে বাংলাদেশে আসবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

গেজেট প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী মার্চের শুরুতে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের অঙ্গীকারের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করে।

সৌজন্যে সাক্ষাতে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য টেকসই রাজনৈতিক সহায়তা কামনা করেন।

উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে সকল ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে আগামী বছরগুলিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে, মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন