রবিবার । ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৯ই ফাল্গুন, ১৪৩২

টঙ্গীতে মজুরির দাবিতে কলকারখানা অধিদপ্তরের সামনে শ্রমিকদের বিক্ষোভ

গেজেট প্রতিবেদন

দুই মাসের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একটি পোশাক কারখানার প্রায় ২৫০ জন শ্রমিক।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকার রাজানগরে অবস্থিত ট্রাউজার ল্যান্ড লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, গত ডিসেম্বর, জানুয়ারি ও চলতি মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার দাবি জানানোর পরও মালিকপক্ষ পাওনা পরিশোধ না করায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার বলেন, ‘শ্রমিকদের পক্ষে মালিকপক্ষের সঙ্গে আলোচনার জন্য তারা অপেক্ষা করছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করা উচিত।’

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মোহাম্মদ মোকছেদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, বকেয়া মজুরি পরিশোধসংক্রান্ত শ্রম অসন্তোষ নিরসনে একটি সভা আহ্বান করা হলেও মালিকপক্ষের অনুপস্থিতির কারণে তা নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

অধিদপ্তরের শ্রম পরিদর্শক মাকসুদুর রহমান জানান, ১৯ ফেব্রুয়ারি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হলেও মালিকপক্ষ উপস্থিত না থাকায় সমাধান হয়নি।

একই বিষয়ে ২২ ফেব্রুয়ারি পুনরায় আরেকটি ত্রিপক্ষীয় সভা আহ্বান করা হলেও মালিকপক্ষের কেউ উপস্থিত হননি। মালিকপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত সপ্তাহে বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রমিক অসন্তোষ তৈরি হয় এবং পরিস্থিতির প্রেক্ষিতে কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ডিসেম্বর মাসের আংশিক বেতন পরিশোধ করা হলেও জানুয়ারি ও চলতি মাসের বেতন এখনো বকেয়া রয়েছে।
এদিকে কারখানা বন্ধ থাকায় কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন