নারায়ণগঞ্জের বন্দরে ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়িয়ে বিকাশ এজেন্ট কর্মীর কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট কর্মী হলেন রনি (৩৪)। বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।
রনি বলেন, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় আসা মাত্র দুজন দুর্বৃত্ত পথরোধ করে। একজন আমার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সব কিছু দিয়ে দিতে বলে। এ সময় আমার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনো এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
খুলনা গেজেট/এমএনএস

