রবিবার । ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৯ই ফাল্গুন, ১৪৩২

‘শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগেই’

গেজেট প্রতিবেদন

আগামী ১৪ এপ্রিলের আগেই স্থগিত হওয়া শেরপুর-৩ ও শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রহমানেল মাছউদ বলেন, “বৈশাখে সাধারণত ঝড়-বৃষ্টি হয়। তাই আমরা বৈশাখের আগে এ দুইটি আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছি।”

তিনি আরো বলেন, “উপনির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সময় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনগত প্রক্রিয়া মেনেই নির্বাচন আয়োজন করা হবে।”

উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থাও বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে প্রবাসী ও অনুপস্থিত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করে ইসি। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন