শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

চলতি মাস থেকেই শুরু হবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম : তথ্যমন্ত্রী

গেজেট প্রতিবেদন

চলতি মাস থেকেই দেশজুড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে শুরুতে অর্থ সহায়তা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতার এই পালাবদলের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্লানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাবো। আমাদের সেই পরিকল্পনা হচ্ছে, আমাদের পশ্চাৎপদ নারী, আমরা তাদের ক্ষমতায়ন করতে চাই। তাদের পিছিয়ে রেখে এই কাজ চলতে পারে না। আমরা তাই ফ্যামিলি কার্ড দিতে চাই।

তথ্যমন্ত্রী বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করেছি। এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ শুরু করতে যাচ্ছি। বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লক্ষ পরিবার আছে, যদি প্রতিটি পরিবারে এই কার্ড পৌঁছাতে পারি তাহলে এই পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে শুরু করবো, তারপরে ধারাবাহিকভাবে আমরা অন্যান্য সম্ভাবনাগুলোকে বাড়াতে থাকবো।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন