রাজশাহীতে দিনমজুরকে গুলি করে হত্যা

গেজেট প্রতিবেদন

রাজশাহীতে নগরীর খোঁজাপুর গোরস্থান এলাকায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত দিনমজুরের নাম গোলাম মোস্তফা (৫০)। তিনি শহরের ডাঁশমারী এলাকার তৈমুর উদ্দিনের ছেলে।

গুলিবিদ্ধ হওয়ার পর তাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই একরামউজ্জামান মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মারা যান। তার ডান পায়ে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।

লাশ হাসপাতালে আছে এবং তার স্বজনেরা সেখানে এসেছেন বলে জানান তিনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোলাম মোস্তফা এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। কে বা কারা, কেন গুলি করেছে, তা বোঝা যাচ্ছে না।

ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা পাওয়া গেছে বলে জানান তিনি।

ওসি আরো জানান, নিহত গোলাম মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি একটি ময়দার মিলে দিনমজুরির কাজ করতেন। ঘটনার তদন্ত চলছে।

খুুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন