শুক্রবার । ১৩ই মার্চ, ২০২৬ । ২৮শে ফাল্গুন, ১৪৩২

লাঙলের জানাজার ছবি ভাইরাল

গেজেট প্রতিবেদন

সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও কোথাও জয় পায়নি লাঙল প্রতীকের প্রার্থীরা। চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে এমন ভরাডুবির মুখে আগে পড়েনি দলটি।

নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। একইভাবে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থান অর্জন করেছেন।

এদিকে দলটির ভরাডুবিকে কেন্দ্র করে রংপুরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে তার জানাজার নামাজ পড়া হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।’

তবে ছবিটি কোথায় এবং কবে তোলা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

রংপুর শহরই দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর বাড়ি। ফলে এ অঞ্চলে বরাবরই লাঙলের শক্ত ভোটব্যাংক ছিল। কিন্তু এবার সেই চিত্রে বড় পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এগিয়ে থাকায় জাতীয় পার্টি কোনো আসনেই জয় পায়নি।

ভাইরাল ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল একে ‘রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ’ হিসেবে দেখছেন। অন্যদিকে অনেকে এটিকে ‘অতিরঞ্জিত ও অসম্মানজনক’ বলে মন্তব্য করছেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন