মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

গেজেট ডেস্ক

সমন্বিতভাবে সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’ (২০১৮ সালভিত্তিক) এর ৭৭১টি পদে নিয়োগের লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এমসিকিউ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত হওয়া উক্ত পরীক্ষাসূচি ও পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে পরবর্তীতে প্রকাশ করা হবে।

এই সাত ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের জন্য ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা ছিল। ৭৭১টি পদের বিপরীতে ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন