ভারতীয় ট্রাক জব্দ

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, পাঁচ কোটি টাকার চালান আটক

গেজেট ডেস্ক

যশোরের বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডারের পরিবর্তে কফি ও ওষুধ জাতীয় পণ্য আমদানির অভিযোগে একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। আজ সোমবার শতভাগ পরীক্ষার পর ছয় হাজার ৪২০ টনের চালানটি জব্দ করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ‘এম এস রিড এন্টারপ্রাইজ’ ভারত থেকে ছয় হাজার ৪২০ টনের একটি ব্লিচিং পাউডারের চালান আমদানি করে। বেনাপোল বন্দরে প্রবেশের পর গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমসের আইআরএম টিম ট্রাকসহ চালানটি জব্দ করে। বন্দর থেকে চালানটি ছাড় করানোর দায়িত্বে ছিল ‘সিঅ্যান্ডএফ এজেন্ট রিয়াংকা ইন্টারন্যাশনাল’।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ইদানীং বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বেড়েই চলেছে। বন্দরের স্টোর কিপারকে ম্যানেজ করে কতিপয় অসাধু ব্যক্তি সরকারের রাজস্ব ফাঁকির উৎসবে মেতেছে। তবে মাঝে মধ্যে দুই একটা চালান জব্দ করা হলেও অধিকাংশই থাকছে ধরাছোঁয়ার বাইরে। আইনের ফাঁক-ফোকর গলে দুর্নীতিবাজ ব্যবসায়ীরাও থেকে যাচ্ছেন আড়ালে। ফলে কোনোভাবে মিথ্যা ঘোষণায় আমদানি বন্ধ হচ্ছে না।’

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, রাজস্ব ফাঁকির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এর আগে সাতটি পণ্যচালান আটক করা হয়েছে। পাঁচ কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। এ পর্যন্ত রাজস্ব ফাঁকির অভিযোগে সাতটি লাইসেন্স বাতিল করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন