বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

সচিবালয়ে অগ্নিকাণ্ড, আজ জমা হচ্ছে না প্রাথমিক তদন্ত প্রতিবেদন

গেজেট ডেস্ক 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) এ প্রতিবেদন দেয়ার কথা থাকলেও আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

একদিন সময় বৃদ্ধির বিষয়ে জানিয়ে তিনি বলেন, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেয়ার জন্য ৩০ ডিসেম্বর (সোমবার) সময় দেয়া হয়েছিল। একটু আগেই ক্যাবিনেট থেকে সময় আরেকটু বাড়িয়ে দেয়ার অনুমতি নিয়েছি। কিছু টেস্ট আজকে রাতেও হবে। কাল আবার বসবো। কাল প্রাথমিক রিপোর্ট দিতে পারবো আশা করছি। বিকেল ৫টা পর্যন্ত টাইম নিয়েছি। এর আগেই রিপোর্ট দিতে চেষ্টা করবো।’

নাসিমুল গনি বলেন, ‘উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে, অনেকগুলো দল একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনী, পিডব্লিউডি, বুয়েটের টিম, পুলিশের লোক, আইসিটির লোকেরা কাজ করছে। ৫ টিম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা ও কো-রিলেট করে একটি উপসংহারে আসার চেষ্টা করছি।’

বিদেশেও কিছু আলামত পাঠানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু জিনিস ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে। আজকেও কিছু আলামত নেয়া হয়েছে, সেগুলোও টেস্ট করা হচ্ছে। এছাড়া বিদেশেও আলামত পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন