রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

ভারত বিরোধিতার নামে যারা ইস্যু খুঁজছে, তারা ভুল পথে যাচ্ছে : কাদের

গেজেট ডেস্ক

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে যাচ্ছে।’

আজ শুক্রবার (২৮ জুন) সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র‍্যালি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

‘ভারত আওয়ামী লীগের বন্ধু’ উল্লেখ করে বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১এর পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধুকন্যা যা করে, বাংলাদেশের স্বার্থে করে। স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি কোনো বন্ধুত্বে আবদ্ধ হন না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের অন্যান্য সব সহযোগী সংগঠন অনুষ্ঠানমালা আয়োজন করবে।’

দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনি অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন