দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

গেজেট ডেস্ক

পাবনায় বাবু শেখ ওরফে ঢাক বাবু (৪৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রাঘবপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবু শেখ উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে বাবু শেখ ওরফে ঢাক বাবু রাঘবপুর ফকিরপাড়া মোড়ে একটি দোকানে বসেছিলেন। এসময় পাশের পাটক্ষেত থেকে কয়েকজন সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে।

হত্যার কারণ সম্পর্কে মাসুদ আলম বলেন, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন