বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

সালিশে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

গেজেট ডেস্ক

টাঙ্গাইলের বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ খান (৬৭) নামের এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খানের দু’টি পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি মুক্তিযোদ্ধা লতিফ খান ও আবু খানের পরিবারের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে শুক্রবার বিকালে সালিশ বসে।

একপর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান ও তার ছেলে পাভেল এবং পারভেজসহ কয়েকজনে মিলে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। এ সময় তার পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান খান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষকে নিয়ে সালিশ বসে। এক পর্যায়ে দুই পক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এসময় দুই পক্ষেরই কয়েকজন আহত হয়। আহত অবস্থায় মুক্তিযোদ্ধা লতিফ খানকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন