আজ থেকে ৯টা সাড়ে ৩টা অফিস, ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত

গেজেট ডেস্ক

রোজা উপলক্ষ্যে আজ থেকে সব সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

এদিকে রমজান মাসে ব্যাংক লেনদেন সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে দেয় মন্ত্রিসভা। এরপর গত ৩ মার্চ এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন