ধর্মের নামে রাজনীতি মানুষকে বিভ্রান্ত করে: মির্জা ফখরুল

গেজেট প্রতিবেদন

ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্য বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্ম মানুষের হৃদয়ের অত্যন্ত সংবেদনশীল বিষয়। ধর্মের নাম ভাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি মোটেও ঠিক নয়।

রবিবার (২ আগস্ট) বিকালে ঠাকুরগাঁওয়ের সালান্দর সিদ্দিকিয়া বিশ্ব ইসলামিক মিশনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মির্জা ফখরুল বলেন, আমাদের রাষ্ট্র সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-সব ধর্মের মানুষের এই দেশে সমান অধিকার রয়েছে। সবার রাজনীতি করার অধিকার আছে, তবে ধর্মের নাম নিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকা উচিত। এবার সনাতন (হিন্দু) ধর্মের বহু মানুষ পাশে দাঁড়িয়েছেন এবং বিএনপিকে সমর্থন দিয়েছেন। তাই দল-মত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের কল্যাণে কাজ করতে হবে।

​বিগত দিনের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা দীর্ঘ ১৫টি বছর গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য নেতা-কর্মী গায়েবি মামলার শিকার হয়েছেন, কোর্ট-কাচারিতে ঘুরতে ঘুরতে জীবন পার করেছেন এবং কারাবরণ করেছেন। আল্লাহর রহমতে আজ সুদিন ফিরে এসেছে। তবে এই সুদিনকে স্থায়ী করতে হলে কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।

​দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ক্ষমতায় বা সুদিনে এসে কেউ গরম দেখাবেন না, জোর-জুলুম করবেন না। দখলদারি, চাদাবাজি বা কাজ পাইয়ে দেয়ার নামে কারো কাছ থেকে টাকা নেয়ার মতো অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। দম্ভ, অহংকার ও সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা ও ভালোবাসার মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করতে হবে।

এসময় সালান্দর সিদ্দিকিয়া বিশ্ব ইসলামি মিশনের সভাপতি প্রফেসর চৌধুরী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন