রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

মানিকগঞ্জে পদ্মায় বিলীন চারতলা স্কুল ভবন

গেজেট ডেস্ক

মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে।

আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে বলে বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলীপ রায় নিশ্চিত করেছেন।

দিলীপ রায় জানান, হরিরামপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয় আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে বিদ্যালয়টিতে। গত দেড় বছর আগে থেকে বিদ্যালয়টির তিন ও চারতলার কাজ বন্ধ রয়েছে। যদিও ভবনটির চারতলা পর্যন্ত ছাদ দেয়া ছিল।

স্কুলের কাছাকাছি হাতিঘাটা এলাকায় পদ্মা ভাঙনে গত এক সপ্তাহে পূর্ব পাড়ার আশ্রয় প্রকল্পের ১০ টি ঘরসহ পাঁচটি বাড়িও পদ্মায় বিলীন হয়ে গেছে বলেও জানান তিনি।

আজিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন জানান, আজ স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আপাতত হাটিঘাটা এলাকায় স্কুলের ক্লাস হবে। তবে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল তোলা হবে। কয়েকদিন আগে হাতিঘাটা আশ্রয়ন প্রকল্পের ১০ টি ঘর ভেঙে গেছে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, স্কুল ভবনটি আজ দুপুরে পদ্মায় বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ভাঙন এলাকায় দু’দিন আগে আমাদের প্রতিনিধি পরিদর্শন করেছেন । স্কুলটি ভাঙন ঝুঁকিতে থাকায় আমরা দেড় বছর আগেই স্কুল ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। স্কুল ভবনের নির্মাণ কাজও বন্ধ ছিল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন