শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

নিউ মার্কেটে সংঘর্ষে নাহিদ হত্যা মামলার তদন্তে ডিবি

গে‌জেট ডেস্ক

রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে নিহত নাহিদ হত্যা মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে মামলার সব নথি নিউ মার্কেট থানা থেকে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (দক্ষিণ) পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ‘আমরা নাহিদের মামলাটির দায়িত্ব পেয়েছি। এর তদন্তকাজও শুরু করেছি। এই মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত হবার চেষ্টা করছি নাহিদের উপর হামলাকারীরা কারা ছিল।’

বছর তিনেক আগে নিউ এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের একটি কম্পিউটার সরঞ্জামের দোকানে ডেলিভারি ম্যানের কাজ ১৮ বছরের নাহিদ। করোনার ধাক্কায় সে চাকরিটা চলে গেলে এ বছর আবার একই প্রতিষ্ঠানে ডেলিভারিম্যানের কাজ শুরু করেন।

মাল্টিপ্ল্যানে যাওয়ার উদ্দেশেই মঙ্গলবার সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচরের রনি মার্কেট সংলগ্ন এলাকার বাসা থেকে বের হন নাহিদ। হেঁটে নুরজাহান মার্কেটের সামনে হামলার শিকার হন তিনি।

রাস্তায় পড়ে থাকা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কিশোরকে নেয়া হয় মঙ্গলবার দুপুরের দিকে। রাতে তিনি মারা যান।

এ ঘটনায় নিউ মার্কেট থানায় মঙ্গলবার রাতে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন