শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমে র‍্যাব জড়িত নয়

গে‌জেট ডেস্ক

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের সঙ্গে র‍্যাবের কোনো কর্মকর্তা জড়িত নয় বলে দাবি করা হয়েছে বাহিনীটির পক্ষ থেকে। একটি বিদেশি সংবাদমাধ্যমে ইলিয়াস আলী গুমের সঙ্গে এলিট ফোর্স র‍্যাব জড়িত এমন সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার(২১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে বাহিনীটির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

ইলিয়াস আলী গুমের সঙ্গে র‍্যাবের কর্মকর্তারা জড়িত- সম্প্রতি এমন একটি সংবাদ প্রচার করে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজ।

এ সংবাদের সত্যতা জানতে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করলে খন্দকার মঈন বলেন, ‘নেত্র নিউজে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, র‌্যাব মনে করে, এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আমরা বলবো, ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না, তার স্ত্রী আমাদের কাছে এসেছিলেন, তাকে আমরা সর্বোচ্চ আইনি সহায়তা দিয়েছি। তিনি যখন যে সন্দেহ পোষণ করেছেন, যখনই কোনও তথ্য দিয়েছেন; আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। এখনও উনার স্ত্রীকে সহায়তা দিয়ে যাচ্ছি।’

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘নেত্র নিউজে যে তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে তারা যেভাবে ডকুমেন্টেশন দেখিয়েছে, বিষয়টি সে রকম নয়। আমাদের যারাই তথ্য দিয়েছে, সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কারণ এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্ব। আমরাও চেষ্টা করছি, ইলিয়াস আলীকে খুঁজে বের করার।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন