নিউ মার্কেটে সংঘর্ষে আহত নাহিদের মৃত্যু, লাইফ সাপোর্টে মোরসালিন

গে‌জেট ডেস্ক

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষে আহত নাহিদ (১৮) মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৬) নামে গুরুতর আহত আরেক যুবক লাইফ সাপোর্টে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, নিউ মার্কেটে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নাহিদ নামে এক যুবক আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউয়ে ভর্তি ছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তিনি আরও বলেন, সারা দিন আমরা তার পরিচয় নিশ্চিত করতে পারিনি, পরে তার পরিচয় পাওয়া যায়। তিনি এলিফ্যান্ট রোডের একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। অফিসে যাওয়ার সময় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন।

উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এরপর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারও ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মীরা সংঘর্ষে জড়ান। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন