শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বোরো মাঠে পানি না পেয়ে বিষ পান, চিকিৎসাধীন আরেক কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জমিতে পানি না পেয়ে বিষ পান করা রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আরেক কৃষক রবি মারান্ডিও (২৭) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তিনি মারা যান।

এর আগে গত বুধবার রবির চাচাতো ভাই অভিনাথ মারান্ডির (৩৬) মৃত্যু হয় বিষ পানের কারণে।

দুজন একসঙ্গেই কীটনাশক পান করেছিলেন। রবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সম্পর্কে তারা দুই চাচাতো ভাই।

দুজনেই মাঠে বোরো ধান চাষ করেছিলেন। কিন্তু দিনের পর দিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে ঘুরলেও তারা সেচের পানি পাচ্ছিলেন না। তাই ক্ষোভে গত বুধবার সন্ধ্যার আগে গভীর নলকূপের সামনেই দুজনে বিষ পান করেন। এতে সেদিনই বাড়িতে অভিনাথের মৃত্যু হয়।

এ দুই কৃষকের বাড়ি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রবি হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ছিলেন। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়েছে। পুলিশ তার লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে স্বামীর মৃত্যুর ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম গভীর নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করেছেন।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, আত্মহত্যার প্ররোচনার মামলার পর সাখাওয়াতকে গ্রেফতারে অভিযান চলছে।

ওসি জানান, রবির মৃত্যুর খবর তিনি শুনেছেন। একটা মামলাতেই তার মৃত্যুও থাকবে।

বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ জানান, বিএমডিএর গোদাগাড়ীর দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের কোনো ত্রুটি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন