শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

রাশিয়া থেকে সার আমদানি করবে সরকার : অর্থমন্ত্রী

গেজেট ডেস্ক

রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এই সার আমদানি করা হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। এই সারের আমদানি ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকা।

এ সময় অর্থমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, এটি অনস্বীকার্য। তবে আমরা যে আইটেমটি আনছি তাদের থেকে এটি নতুন নয়। এই আইটেমটি বরাবরের মতো আনার জন্য চেষ্টা করছি। তারা যদি কোনো কারণে না দেয় তাহলে আমরা ভিন্ন জায়গায় খুঁজব। তার আগে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা ওদের কাছ থেকেই আনার চেষ্টা করব।

এদিকে, সুইফট ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার সাতটি ব্যাংককে বাদ দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে পণ্য আমদানিতে কোনো সমস্যা হলে বিকল্প ব্যতবস্থা নেওয়া হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা আশা করি যুদ্ধ থেমে যাবে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা এগুলো বিবেচনা করছি। পাশাপাশি আমাদের সেফটিও রেখেছি। আমাদের বিকল্প সোর্স আমরা বিবেচনায় রেখেছি।

সুইফটের কারণে কোনো পেমেন্ট করতে না পারলে অন্যরকম ব্যবস্থা করে দিতে হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল ।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন