বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

গেজেট ডেস্ক

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

সকাল সাড়ে ৯টা থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হলেও এখনো তা নিয়ন্ত্রণে আসেনি। প্রচুর ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ হচ্ছে বলে জানিয়েছেন ফায়ারের কর্মীরা।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটির তিন তলায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। ওই গোডাউনে খেলাধুলার ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বানানো হতো। এগুলো মূলত মেটাল দিয়ে তৈরি করা হতো। আর এসব মেটালে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে। যার কারণে ভয়াবহ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এই ধোঁয়া আশপাশেও ছড়িয়ে পড়েছে।

ভেতরে মেটালের পরিমাণ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের এখন ১৫টি ইউনিট কাজ করছে। ভিতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে। অতিরিক্ত ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে পানি দেওয়া যাচ্ছে না।

এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছে কি না সে তথ্যও কেউ নিশ্চিত করেনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন