বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

এমবাপের জোড়া গোলে শেষ আটে পিএসজি

ক্রীড়া প্রতিবেদক

ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বুধবার রাতে শেষ আটের খেলায় কালিয়ান এমবাপের জোড়া গোলে তারা ৩-০ গোলে হারিয়েছে লিঁলেকে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিঁলের বিপক্ষে ঘরের মাঠে ৯ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এ সময় আর্জেন্টাইন তারকা মাউরি ইকার্দি গোল করে এগিয়ে নেন দলকে। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে এমবাপে গোল করে ব্যবধান বাড়ান।

বিরতির পর পেনাল্টি পায় লিঁলেও। এটা থেকে গোল করে ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। কিন্তু উইসুফ ইয়াজিকির নেওয়া পেনাল্টি কিক রুখে দেন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস।

ম্যাচের যোগ করা সময়ে (৯০+৩) এমবাপে তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে ৩-০ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় পিএসজির।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন