বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

গেজেট ডেস্ক

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট বড় মিলে ৪টি ফেরি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান।

এসময় তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে ভোর ৩টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে। এরপর সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানান জিল্লুর রহমান।

অপরদিকে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়েছে ৭টি ফেরি। এসব ফেরি নদীতে নোঙর করে রাখা হয়েছে।

সোমবার (১৮জানুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে নদীতে ঘন কুয়াশা সৃষ্টি হলে এ নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন