বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

শিশুকন্যাসহ স্ত্রীকে হত্যা, স্বামী আটক

গেজেট ডেস্ক

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকা থেকে মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতরা হলো ফকিরপাড়া গ্রামের ফিরোজ আহমদের স্ত্রী পলি বেগম (২৩) ও তাদের পাঁচ মাসের মেয়ে ফারিয়া।

পুলিশের ধারণা, সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে মা ও শিশুসন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঢাকার দারুস সালাম এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে ফিরোজ আহমদকে আটক করেছে।

পুঠিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সইবুর রহমান আজ সকালে গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ফিরোজ মাদকাসক্ত। তিনি হয়তো সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে ফকিরপাড়া এলাকায় তার স্ত্রী পলি বেগম ও পাঁচ মাসের কন্যা ফারিয়াকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে বাড়িতে লাশ রেখে ফিরোজ রাতেই ঢাকাগামী ন্যাশনাল পরিবহণের একটি বাসে উঠে পড়েন।’

পুঠিয়া থানা পুলিশ এই তথ্য জানতে পেরে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) খবর দেয়। পরে আজ মঙ্গলবার সকালে ঢাকার দারুস সালাম থানার পুলিশ ফিরোজকে গাবতলী এলাকার পর্বত সিনেমা হল এলাকা থেকে আটক করে। এখন পুঠিয়া থানা পুলিশ ফিরোজকে ঢাকা থেকে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে বলে জানান উপপরিদর্শক সইবুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন